মানিকগঞ্জের সাটুরিয়ার গভীর রাতে পোশাকশ্রমিকদের পরিবহন করা বাসে আগুন দেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার খাগড়াছড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে শহরের মহাজনপাড়া এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোরে বাসের পেছন দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। বাসের ভেতরে সহকারী ঘুমাচ্ছিলেন। তবে টের পেয়ে তিনি বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এমন কর্মকাণ্ডের পেছনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকার আশঙ্কা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তিনি বলেন, নৈরাজ্য ও অরাজকতা করতে এই সংগঠনগুলো এসব ঘটিয়ে থাকতে পারে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এমআর




