মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গভীর রাতে পোশাক কারখানার শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ফকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে দুর্বৃত্তরা পোশাক কারখানার শ্রমিক পরিবহনের বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে বাসটিতে আগুন দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় কয়েকজনের ধারণা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালাতে পারেন বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
প্রতিনিধি/এমআর




