মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেফতার তিনজনের মধ্যে দু’জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার মৌলভীচক গ্রামের মোস্তাক আহমদ ও ইসতিয়াক আহমদ এবং একামধু গ্রামের হাছান আলী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে কিরীটি ভট্টাচার্যের বসতবাড়িতে হানা দেয় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতেরা পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘর থেকে ১৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গত ২৫ অক্টোবর রাজনগর থানায় মামলা করা হয়। মামলার তদন্তের দায়িত্ব নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ডাকাতির ঘটনায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে ইসতিয়াক আহমদ ও হাছান আলী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।
রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, চরি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতির ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এজে




