নরসিংদীর মনোহরদীতে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোহরাব (২০) নামে এক মক্তবশিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।
আটক সোহরাব উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মক্তবের শিক্ষক।
শিশুটির মায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। এছাড়াও গ্রামের মক্তবে ওই শিক্ষকের কাছে প্রতিদিন সকালে আরবি পড়ত। প্রতিদিন মক্তবে যাওয়ার সুযোগে ওই শিক্ষক শিশুটিকে বিভিন্ন লোভ দেখিয়ে সখ্য গড়ে তোলার চেষ্টা করত। প্রতিদিনের মতো গত ৪ নভেম্বর সকাল ওই শিশু মক্তবে যায়। মক্তবের পড়া শেষে শিক্ষক সোহরাব মক্তবের মাসিক বেতন আনার কথা বলে শিশুটিকে বাড়িতে পাঠায়। বাড়ি থেকে বেতন নিয়ে মক্তবে আসার পথে শিশুকে একা পেয়ে সোহরাব তার পথরোধ করে শিশুটিকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পরনের হাফপ্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করে এবং একপর্যায়ে দৌড়ে পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদেরকে সে বিষয়টি জানায়।
পরিবারের লোকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করেন। এবং পুলিশ বৃহস্পতিবার রাতে সোহরাবকে আটক করে থানায় নিয়ে আসে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশাহ জানান, শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. সোহরাবকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ




