শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

আমতলীতে বিএনপির পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

আমতলীতে বিএনপির পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

বরগুনার আমতলীতে হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে হলদিয়া ইউনিয়নের চরচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার নামের দুই ব্যক্তি বক্তব্য দেওয়ার সময় এ স্লোগান দেন। পরে তাঁরা বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় উপস্থিত কয়েকজন নেতাকর্মী তাঁদের বক্তব্য থামানোর চেষ্টা করেন। ঘটনার পর কয়েকজন নেতাকর্মী সভাস্থল ত্যাগ করেন বলেও জানা গেছে।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এ ঘটনায় জড়িতদের পাশাপাশি তাঁদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে, গত ৮ অক্টোবর গুলিশাখালী ইউনিয়নের ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চার শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। তিনজন জামিন পেলেও সাইফুল কাজী কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, জহিরুল ইসলাম লিমন হাওলাদারের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণা চালানো এবং তাঁদের সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম লিমন হাওলাদার বলেন, গ্রামের মানুষ না বুঝে জয় বাংলা বলে ফেলেছে। তারা আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর