নাটোরের নলডাঙ্গায় মাদরাসার একটি বটগাছের মাথায় উঠে আটকে পড়ে মো. আলহাজ (১৩) নামের এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারের পর কিশোরটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা মাদ্রাসার একটি বটগাছে এ ঘটনা ঘটে।
কিশোর আলহাজ নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে। সে ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব তার নানা-নানীর সঙ্গে থাকতো। সকালে তাকে খুঁজে না পেয়ে নানা-নানী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।এক পর্যায়ে জানতে পারেন,বাঁশিলা এলাকার মাদ্রাসার বটগাছের মাথায় উঠে বসে রয়েছে ওই কিশোর। পরে দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এ সময় গাছের নিচে নেট বিছিয়ে এবং বিস্কুটসহ বিভিন্নভাবে কিশোরটিকে নিচে নামানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মোস্তফার জানান, কিশোরকে উদ্ধারের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এজে




