শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুয়াকাটার সৈকত পরিচ্ছন্ন রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

কুয়াকাটার সৈকত পরিচ্ছন্ন রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকত হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পর্যটকদের কাছে কুয়াকাটার সৌন্দর্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সৈকত পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পরিবেশ অধিদফতর, পটুয়াখালীর উদ্যোগে কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। অভিযানের অংশ হিসেবে সৈকতের জিরো পয়েন্টে পরিচ্ছন্নতার বার্তাসংবলিত সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন করা হয়।

পরিবেশ অধিদফতর, পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্ন সৈকতের বিকল্প নেই। এ লক্ষ্যেই সৈকত পরিষ্কারের পাশাপাশি মানুষকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

b54f7752-ac76-4967-9e1e-f52b69e6d6db

কর্মসূচিতে সহযোগিতা করে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), স্বেচ্ছাসেবী সংগঠন ধূমকেতু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা), অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন। অভিযানে অংশগ্রহণকারীরা সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সৈকত পরিচ্ছন্ন রাখার বিষয়ে তাঁদের সচেতন করেন।

কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদার বলেন, পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। শুধু এক দিনের অভিযান পরিচালনা করলেই হবে না; নিয়মিত সৈকত পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ কাজে তারা সব সময় সহযোগিতা করতে চান।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ বলেন, কুয়াকাটার পর্যটনশিল্পের প্রধান আকর্ষণ এর সমুদ্রসৈকত। সৈকত অপরিচ্ছন্ন থাকলে পর্যটকদের কাছে নেতিবাচক বার্তা যায়। তাই পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পর্যটকদেরও যেখানে-সেখানে ময়লা না ফেলার বিষয়ে সচেতন করতে হবে।

f7e9e96c-c990-4b5d-8c74-039684fd159b

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুধু পৌরসভার একার পক্ষে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পর্যটক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলেই পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তোলা সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটার (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম রেজাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর