বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কথা-কাটাকাটির জেরে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. রফিকুল ইসলাম নামের এক কর্মকর্তা আহত হয়েছেন। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিক ইসলাম।
আহত কর্মকর্তা মো. রফিক ইসলাম বলেন, দুই শিক্ষকের চিঠি পাঠানো নিয়ে আলোচনা চলছিল। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ‘আপনি সিনিয়র-জুনিয়র বোঝেন না’ বলে জিয়া তাকে মারতে এগিয়ে আসেন। প্রথমে তাকে ঘুষি মারা হয়। পরে রোকন ও জিয়াসহ কয়েকজন মিলে মারধর করেন। তার অভিযোগ, জিয়া, তারেক, মামদুদ, রোকন ও লাবু তাকে মারধর করেছেন।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার তারিকুল ইসলাম ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. জিয়াউল হক বলেন, দুই শিক্ষকের একটি বিষয় নিয়ে কথা হচ্ছিল। এ সময় কর্মকর্তা রফিক শিক্ষকদের কথার মধ্যে কথা বলায় তাকে কথা বলতে নিষেধ করা হয়। এতে রফিক তাঁদের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসেন। তখন তাকে আটকাতে গেলে একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এর বেশি কিছু ঘটেনি বলে দাবি করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।
প্রতিনিধি/এসএস




