চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ ভাইয়ের পরিবারের চলাচলের পথে দেয়াল নির্মাণ করে তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে হামলায় ছোট ভাই জামাল উদ্দিন (৫৮) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া এলাকার সাহাব উদ্দিন কোম্পানী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত জামাল উদ্দিন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জামাল উদ্দিনের দাবি, তাদের পাঁচ ভাইয়ের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন অভিযুক্তরা। এ নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে এবং আদালতে মামলাও চলমান রয়েছে। বৃহস্পতিবার দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার সময় তিনি বাধা দিলে তার ওপর হামলা করা হয়। থানায় অভিযোগ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জামাল উদ্দিন বলেন, “আমাদের বসতবাড়িতে দেয়াল নির্মাণ করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় আমি বাধা দিয়েছি। আমি ও আমার ভাইদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। দেয়াল তুলে দেওয়ায় এখন আমাদের পরিবারের সদস্যরা আটকে পড়েছেন। বিষয়টি মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) (এসিল্যান্ড) জানানো হয়েছে।”
ভুক্তভোগীর আরেক ভাই গিয়াস উদ্দিন বলেন, “আমরা প্রায় তিন দশকের বেশি সময় ধরে বাড়িতে চলাচলের জন্য এই রাস্তা ব্যবহার করে আসছি। হঠাৎ অন্য ভাইদের সঙ্গে কোনো আলোচনা না করে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা বিপাকে পড়েছি। পাশাপাশি নিরাপত্তাহীনতায়ও ভুগছি।”
অভিযোগের বিষয়ে সাহাব উদ্দিন বলেন, “ওই জায়গা আমার উঠান। আমার জায়গায় আমি দেয়াল নির্মাণ করছি। রাস্তা আমার উঠানের বাইরে করার জন্য তাদের বলেছি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. ইউনুস বলেন, “চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের সময় বাধা দিতে গিয়ে এক ভাইয়ের ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিরোধপূর্ণ জায়গায় উভয় পক্ষকে যার যার অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। হামলার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিনিধি/এসএস




