শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা, আসবাবপত্রে আগুন

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা, আসবাবপত্রে আগুন

হবিগঞ্জের মাধবপুরে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চার ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িগুলো থেকে দেশীয় অস্ত্রসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৪ নভেম্বর) দিনের বেলায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে। পরে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি আলোচনায় আসে।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ সরকারের একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় ইউপি সদস্য আবিদ মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে যান। একপর্যায়ে বাড়িঘরে ভাঙচুর চালানো হয় এবং ঘরের আসবাবপত্র বাইরে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিয়াইম গ্রামের আব্দুল হাসিমের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত উসমান মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), মৃত সক্কদর মিয়ার ছেলে সামছু মিয়া (২৬) এবং মৃত লাল মিয়ার ছেলে সাজু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত।

তাদের দাবি, শুধু পিয়াইম গ্রাম নয়, আশপাশের বিভিন্ন গ্রামেও তারা চুরি-ডাকাতি করেন। তাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও রয়েছে।

এ ছাড়া চুরি-ডাকাতি করতে গিয়ে বিভিন্ন বাড়ির নারীদের ধর্ষণের অভিযোগও তুলেছেন গ্রামবাসী। তবে সামাজিক সম্মানহানির আশঙ্কায় ভুক্তভোগীরা প্রকাশ্যে অভিযোগ করেননি বলে দাবি তাদের।

পিয়াইম গ্রামের মুতি মিয়া ও জামাল মিয়া জানান, অভিযুক্ত ব্যক্তিদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে চলাফেরা করেন এবং রাতে চুরি-ডাকাতিতে জড়িত থাকেন বলে অভিযোগ করেন তারা।

ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আশিস দে বলেন, সাজু মিয়ার বিরুদ্ধে একটি এবং অন্য ব্যক্তিদের বিরুদ্ধে চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর