একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকদের মধ্যে থাকবে আল্লাহভীতি, সততা ও অপরাধবোধ। তাঁরা হবেন যোগ্য ও দেশপ্রেমিক।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার আলিম নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসা শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মাদরাসার শিক্ষার্থীরা এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভূমিকা রাখছেন। তাই কঠোর পরিশ্রম ও জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু ব্যক্তিগত জীবনে সফল হলেই চলবে না, দেশ পরিচালনার যোগ্যতাও অর্জন করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার পরিচয় দিতে হবে।
তিনি বলেন, জ্ঞান মুসলমানদের হারানো সম্পদ। মুসলমানরা যখন জ্ঞান-বিজ্ঞানের চর্চা থেকে দূরে সরে গেছে, তখন থেকেই তাদের পতন শুরু হয়েছে। অন্যদিকে অমুসলিমরা জ্ঞান-বিজ্ঞানের চর্চাকে এগিয়ে নিয়ে বিশ্বে প্রভাব বিস্তার করেছে। তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সময় ব্যয় না করে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফালাহিয়া মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ। সঞ্চালনা করেন শাখাটির অফিস সম্পাদক রিয়াদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক আবু ইউসুফ। উদ্বোধনী বক্তব্য দেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক।
এ ছাড়া বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের ফেনী শহর সভাপতি শফিকুল ইসলাম, জেলা সভাপতি ইমাম হোসেন আরমান ও শহর শাখার সেক্রেটারি এনামুল হক।
প্রতিনিধি/ এজে




