গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঝুট গুদামের রাখা বিপুল মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সারাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ।
তিনি জানান, সকালে কোনবাড়ি ও কাশিমপুরে সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট গিয়ে পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রতিনিধি/এমআর




