রংপুরে ফুটপাট দখলমুক্ত ও সড়কের গড়ে তোলা অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গেলে উচ্ছৃঙ্খল হকার, দখলদার ও উচ্ছেদ অভিযানবিরোধীদের বাধার মুখে পড়েন গণমাধ্যমকর্মীরা।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর কলেজ রোড খামারের মোড় এলাকায় উচ্ছেদ অভিযানের এ ঘটনা ঘটে।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের অন্তত ছয়জন সাংবাদিককে ঘেরাও করে হেনস্তা, অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করার পাশাপাশি মোবাইল ছিনতাইয়ের চেষ্টার মতো ঘটনা ঘটে।
অভিযানের নেতৃত্বে থাকা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে বিষয়টি অবগত করা হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা যায়, ফুটপাট দখলমুক্ত ও অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতায় আজ নগরীর কলেজ রোড খামার মোড় এলাকায় উচ্ছেদ অভিযানে যায় রংপুর সিটি করপোরেশন। অভিযান চলাকালীন সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের আটকে রেখে মব করার চেষ্টা করে।
এসময় ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক, সময় টেলিভিশনের রেদওয়ান হিমেল, আজকের পত্রিকার নূর মোহাম্মদ, আগামীর সময়ের লিজেন আহমেদ প্রান্ত, খবরের কাগজের সেলিম সরকার, বার্তা২৪ ডটকমের নভেল চৌধুরী ও আমাদের প্রতিদিনের শরিফুল ইসলাম সুমনের ওপর দুই দফায় চড়াও হয়। শুধু তাই নয়, তাদের আটকে রেখে মব সৃষ্টি, হেনস্তা ও মারধরের চেষ্টা করার পাশাপাশি মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করা হয়।
ঢাকা পোস্টের নিজস্ব সংবাদদাতা ফরহাদুজ্জামান ফারুক বলেন, অবৈধ দখলদারদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত, হেনস্তা ও হামলাসহ মারধরের মুখে পরার বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিকভাবে অবগত করেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়কে অবহিত করা হবে। একইসঙ্গে যারা অভিযানে বাধা দিয়েছে এবং সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছে, তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিনিধি/এএইচ



