অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা ও সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে গাইবান্ধা জেলা পুলিশ। এ স্বীকৃতির অংশ হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেছেন গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন।
বুধবার (৪ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সভাপতিত্বে সভায় রেঞ্জের বিভিন্ন জেলার অপরাধ পরিস্থিতি ও জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। পরে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
এ সময় রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন বলেন, রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে গাইবান্ধা জেলা পুলিশের স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ফল। এ জন্য রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ আরও আন্তরিকভাবে কাজ করবে। জনগণের সহযোগিতা নিয়েই এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
প্রতিনিধি/ এজে




