বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে সারের জন্য কৃষকের দীর্ঘ লাইন, চাহিদামতো না পেয়ে ক্ষোভ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

নাটোরে সারের জন্য কৃষকের দীর্ঘ লাইন, চাহিদামতো না পেয়ে ক্ষোভ

নাটোরের নলডাঙ্গায় সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে সার না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে নলডাঙ্গার একটি সার ডিলারের দোকানে এমন চিত্র দেখা যায়।

স্থানীয় কৃষকদের ভাষ্য, বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বেড়েছে। কিন্তু ডিলারের দোকানে পর্যাপ্ত সার না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে সার সংগ্রহ করতে পারছেন না। কেউ কেউ ভোররাত থেকেই লাইনে অপেক্ষা করছেন। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

cafa5388-b465-43be-84b3-3964f23f5eb3

কৃষকদের অভিযোগ, সার বিতরণে অনিয়ম হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরও কেউ কেউ টোকেন নিয়ে কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না। আবার কিছু ব্যক্তি টোকেনের মাধ্যমে লাইনে আগে গিয়ে সার সংগ্রহ করছেন। তাদের দাবি, প্রকৃত কৃষকরা সার না পেলেও কেউ কেউ চাষাবাদের প্রয়োজনের তুলনায় বেশি সার নিয়ে যাচ্ছেন। এ অবস্থায় সুষ্ঠু তদারকির মাধ্যমে প্রকৃত কৃষকদের চাহিদা অনুযায়ী সার বিতরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পাশাপাশি সুশৃঙ্খলভাবে সার বিতরণ নিশ্চিত করার চেষ্টা চালায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সবুজ আলী বলেন, সারের কোনো সংকট নেই। ডিলাররা যাতে নিয়ম মেনে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে জন্য তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় সার সরবরাহ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর