প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ প্রতিযোগিতার সিজন-২ উদ্বোধন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১২টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রেস ব্রিফিংয়ে প্রতিযোগিতার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানসহ সংশ্লিষ্ট কার্যক্রমের ব্যাপক প্রচার এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ প্রতিযোগিতার সিজন-২ আয়োজন করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস




