বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত
আব্দুল্লাহ আল আপন (২২)।

যশোরের অভয়নগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু আল-আমিন (২৮) আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) ভোরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আপন মারা যান।

নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুল কাদেরের ছেলে। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আপন তার বন্ধু আল-আমিনকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১০টার দিকে উড়োতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আপন ও আরোহী আল-আমিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আপন মারা যান।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর