চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাস্যুট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালায়। এ সময় নওশাদ আলমকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাস্যুট ফ্লেয়ারসহ গ্রেফতার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাস্যুট ফ্লেয়ারসহ নওশাদ আলম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা যুবদলের সমন্বয়ক এস এম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




