হবিগঞ্জ ৫৫ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে বিপুল ভারতীয় জিরা ও মেহেদিসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে। যার মূল্য প্রায় ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, একটি নির্দিষ্ট কাভার্ডভ্যানে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হচ্ছে, এমন গোয়েন্দা তথ্য হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর কাছে আগে থেকেই ছিল। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল অভিযানে নামে। দলটি সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং কৌশলগত অবস্থান নেয়।
কাভার্ডভ্যানের চালক বিজিবির অভিযানের বিষয়টি বুঝতে পারে। সে গাড়িটি মুক্তিযুদ্ধ চত্বর থেকে ৩০০ মিটার আগে সড়কের পাশে ফেলে আত্মগোপন করে। পরে আভিযানিক দল স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত কাভার্ডভ্যানটি তল্লাশি করে। এ তল্লাশিতে কাভার্ডভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক চোরাচালানে ব্যবহৃত ভ্যানসহ সকল মালামাল জব্দ করা হয়।
যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ জিরা, মেহেদি ও কাভার্ডভ্যানটি কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সকল ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
তিনি জানান, দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ পণ্য ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চোরাচালান ও মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়ননের চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৬৩ কোটি টাকার অধিক মালামাল জব্দ ও ২৬ জন আসামি আটক হয়েছে।
প্রতিনিধি/এলএ




