চট্টগ্রাম থেকে চুরি করে আনা ১৬০ বস্তা শুঁটকি মাছ জামালপুরের হিমাগারে রাখার চেষ্টার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জামালপুর সদর উপজেলার শরিফপুর এলাকার রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ট্রাকের চালক মো. খলিল হোসেন, দ্বিতীয় চালক মো. আকতার হোসেন, হেলপার মো. নাদিম ও মো. বাবুল। তাদের মধ্যে খলিল ও আকতার হোসেনের বাড়ি ভোলা জেলার বিভিন্ন এলাকায়। নাদিমের বাড়ি চট্টগ্রামের পশ্চিম আদারবাড়ী এলাকায়।
জামালপুর থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে একটি চক্র জামালপুরের শরিফপুর এলাকার রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজে শুঁটকি রাখার জন্য আনা হয়। তবে হিমাগারের সংশ্লিষ্টরা বৈধ কাগজ দেখতে চায়। কাগজপত্র দিতে না পারায় সন্দেহ হলে সেখানে থাকা চারজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
শুঁটকি চুরির সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে মূল হোতা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
প্রতিনিধি/এলএ




