ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ১৯ পিস ইয়াবাসহ আব্দুল মালেক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরসঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার আব্দুল মালেক ওই গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি মঠবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




