রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশ করে উসকানি সৃষ্টি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। আরএমপির মুখপাত্র এডিসি গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামির নাম মিজানুর রহমান (২৮)।
তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। রাজশাহীর হেতেমখাঁ এলাকার বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন মিজানুর। পাশাপাশি তিনি ছাত্রলীগের নেতা ও দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারের পর মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশের পাশাপাশি বিভিন্ন উসকানিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ছবি, পোস্টার ও কনটেন্টের সন্ধান পাওয়া যায়।
আরএমপির মুখপাত্র এডিসি গাজিউর রহমান জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে




