সাজেকে আগামী বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা পাল্টা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটি বলছে, সাজেক পর্যটন সড়ক সচল করা এবং পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে সাজেক পর্যটন সড়কে ৪৮ ঘণ্টার শান্তিপূর্ণ ও সর্বাত্মক গণতান্ত্রিক অবরোধ কর্মসূচি ঘোযণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশা করেছিলাম- ১ নভেম্বর সাজেক সড়কে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির অবরোধ পালনের পর সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন স্থানীয় জনগণের কথা বিবেচনা করে ২ নভেম্বর থেকে অবরোধ বন্ধ করবেন। কিন্তু তারা অবরোধ বন্ধ না করে সশস্ত্র দলের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণের দুর্ভোগ নিরসনে প্রশাসনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
বিবৃতিতে জানানো হয়, অবরোধ পালনকালে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসা সামগ্রী, গণমাধ্যম ও জরুরি খাদ্যদ্রব্য বহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানান।
প্রতিনিধি/এলএ




