তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকার সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে টায়ারসহ বিভিন্ন বস্তুতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গত তিন দিনে পুলিশের প্রায় ৫০ সদস্য আহত হন। এ ছাড়া শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করলে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের কারখানার সামনের সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও প্লাস্টিকজাতীয় বস্তুতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

এ ছাড়া আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক ও নিশ্চিন্তপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সেখানেও পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। দিনভর বিভিন্ন স্থানে থেমে থেমে উত্তেজনা ও বিক্ষোভ চলতে থাকে।
এদিকে শ্রমিক বিক্ষোভের সময় ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। সাভার মডেল থানায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন। এসব ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তারা মনে করছেন। তবে সাধারণ শ্রমিকরা কাজে থাকতে চান। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঠে রয়েছে। কারখানাগুলো চালু রাখতে মালিকদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
অন্যদিকে বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ অবরোধে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। পরে পুলিশ একাধিকবার শ্রমিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন আশ্বাসের মাধ্যমে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এ সময় উপস্থিত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘক্ষণ ধরে শ্রমিকদের বুঝিয়ে এবং বিভিন্ন আশ্বাস দিয়ে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই সড়ক থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আশা করছি, তারা আর সড়কে নামবেন না। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এলএ




