সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা, গণবিরোধী নীতির বিরুদ্ধে আমরা কর্মসূচি পালন করছি। আমরা জনগণকে আহ্বান করব আপনারা রাজপথে নামুন । কারণ রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে। এ ছাড়া সরকারকে শায়েস্তা করতে আর কোনো উপায় নেই।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের যে পারফরমেন্স সেইটার ওপরে আস্থা নেই, তাই ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে এবং সরকার আর আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। আর এসব এনসিপি রাজপথে থেকে প্রতিহত করবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন । সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজ এই আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে। একটা ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার হওয়া যায় না। যদি এই আন্দোলনে ফ্যাসিস্টারা ঢুকে থাকে এবং নৈরাজ্য করে তাহলে এর দায় সরকারকেই নিতে হবে। সারাদেশে ফ্যাসিস্টের নেতাকর্মীদের পেলে-পুষে রাখছে বিএনপিই। আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু এখন বিএনপির দখলে।
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মাহিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এফএ




