মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

যুবদল নেতা শাকের হত্যা মামলা

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি, মাগুরা 
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় ঘটনার ১৩ দিন পর মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলায় মোট ৫ জনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা এলাকায় ডিবির বিশেষ অভিযানে গোলাম জাহিদকে (৪৬) গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান বলেন, শাকের হত্যা মামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগে ডিবির বিশেষ অভিযানে গোলাম জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশ কাজ করছে।

এদিকে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় গোলাম জাহিদ ও মাগুরা সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন।

এ হত্যা মামলায় যুবদল নেতা রনি শিকদার (৩৮), শামীমা ইয়াসমিন লুবনা (৩১), স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার (৪০) এবং মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর