মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বিরোধ

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি
হুমকি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর।

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হবে, তা নিয়ে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরকে প্রকাশ্যে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গত রোববার (১ নভেম্বর) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে টিপু মাদবরের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এ হুঁশিয়ারি দেন আমান মাদবর। এ সময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মৌলভীবাজারে যুবলীগ নেতা নিক্সন ও সাবেক এমপির ছেলে সাদমান গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন আমান মাদবর। একপর্যায়ে টিপু মাদবরকে উদ্দেশ করে তিনি বলেন, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। একই সঙ্গে টিপু মাদবরকে দল থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবিও জানিয়েছেন।

ভিডিওতে আমান মাদবরকে আরও বলতে শোনা যায়, জেলা বিএনপির নেতারা তাদের অবরোধ তুলে নিতে বলেছেন এবং এক-দুই দিনের মধ্যে টিপু মাদবরকে দল থেকে বহিষ্কার ও গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। এরপর তিনি বলেন, ‘আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল। মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র হলে, দেশের রাজনৈতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি নষ্ট করলে, সে যেই হোক, যত বড় শক্তিশালী হোক, তার ঘাড় থেকে মাথা সরিয়ে দেব এবং তাকে এই শরীয়তপুর থেকে অবাঞ্ছিত করব।’

dis

জানা গেছে, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে গত ২৮ অক্টোবর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির পর হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তোলেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

এর প্রতিবাদে গত ১ নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। পরে তারা শহরের প্রধান সড়ক অবরোধ করে টিপু মাদবরের বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানান। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর কাছে স্মারকলিপিও দেন বিক্ষোভকারীরা।

kri

এদিকে, নিজের বিরুদ্ধে দেওয়া হুমকির ভিডিও ছড়িয়ে পড়ার পর গত সোমবার রাতে স্থানীয় লোকজনকে নিয়ে একটি উঠান বৈঠকে বক্তব্য দেন টিপু মাদবর। সেখানে তিনি বলেন, বিভিন্ন জায়গায় তার ছবি তৈরি করে পোড়ানো হচ্ছে এবং তাকে ঘাড় নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। গত ১৭ বছর তিনি না থাকলে শরীয়তপুর শহরে কেউ মিছিল বের করার সাহস পেতেন না বলেও দাবি করেন তিনি।

২০১৮ সালে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সময় কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কা তৈরি হলে তিনি পরিস্থিতি মোকাবিলা করে তাদের রক্ষা করেছিলেন বলে দাবি করেন টিপু মাদবর। একই সঙ্গে তিনি বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় শহরের প্রাণকেন্দ্রে স্থাপন করাই তাদের দাবি। এর পেছনে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।

এ বিষয়ে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি এ ধরনের বক্তব্য দিইনি। আপনারা ভালো করে শুনেন।’ এ কথা বলার পরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে দেওয়া হুমকির ভিডিও দেখেছেন জানিয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ধারণ নিয়ে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান এবং প্রকাশ্যে হুমকির বক্তব্যে শরীয়তপুরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর