মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিজ দলের এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএনপি নেতার, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

শেয়ার করুন:

নিজ দলের এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএনপি নেতার, ভিডিও ভাইরাল

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। গত আট-নয় মাসে ব্যাংক ড্রাফট ও খাদ্যগুদাম থেকে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তিনি এসবের তথ্য-প্রমাণ ও ব্যাংক ড্রাফটের নম্বরসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে উপস্থাপনের ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি তার দেওয়া এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটকে মহাদেবপুরে বিএনপির নামে আলাদা সাইনবোর্ড দিয়ে কার্যালয় খোলার সমালোচনা করতে শোনা যায়। আগামী ৭ নভেম্বরের কর্মসূচির পর ওই সাইনবোর্ড খুলে ফেলার কথাও বলেন তিনি।

ভিডিওতে বুলেট বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান তাদের সুসংগঠিত থাকার এবং জনগণের বিশ্বাস অর্জনে নিয়মতান্ত্রিকভাবে চলার নির্দেশনা দিয়েছেন। তারা সেই নির্দেশনা মেনেই চলছেন। স্থানীয় সরকার নির্বাচনের কথা বিবেচনা করে এতদিন তিনি মুখ খোলেননি বলেও দাবি করেন।

bn

প্রতিটি ইউনিয়নে চিঠি দিয়ে চাঁদা নেওয়ার অভিযোগের জবাব জনগণের সামনে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, কোন ইউনিয়নের কাছে বিএনপি টাকা চেয়েছে এবং সংসদ সদস্য কার কাছে টাকা চেয়েছেন, তার প্রমাণ হাজির করা হবে।

বুলেট আরও বলেন, গত আট-নয় মাসে সংসদ সদস্য কোথা থেকে কত টাকা নিয়েছেন এবং কোন ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট জমা হয়েছে, তার হিসাব ও ড্রাফটের নম্বর তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে। মহাদেবপুর থানা এলাকায় ব্যাংক ড্রাফটসংক্রান্ত দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারলে আর রাজনীতি করবেন না বলেও বক্তব্য দেন তিনি।

ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের প্রসঙ্গ টেনে বুলেট বলেন, শেখ হাসিনার হাতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসন থাকলেও তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেননি। তার ভাষ্য, কোনো জনপ্রতিনিধির কাছে প্রশাসনিক ক্ষমতা থাকলেও জনগণের শক্তির চেয়ে তা বড় নয়।

সংসদ সদস্যের সমালোচনা করে বুলেট আরও অভিযোগ করেন, আট-নয় মাসের সংসদ সদস্য থাকাকালে তার এক প্রতিনিধিকে একটি ঘটনায় গ্রেপ্তার এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ক্ষমা চাইতে হয়েছিল। ওই প্রতিনিধিকে ইউএনও গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার পা ধরে মাফ চাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

dis

সংসদ সদস্যের টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের সমালোচনা করে বুলেট বলেন, সেখানে তিনি জেলা প্রশাসকের বিরুদ্ধে তিন কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

সাবেক সংসদ সদস্য সেলিমের সময়ের সঙ্গে তুলনা করে বুলেট দাবি করেন, আগের পাঁচ বছরে সেলিম যা করেননি, বর্তমান সংসদ সদস্য আট-নয় মাসেই তার চেয়ে বেশি দুর্নীতি করেছেন। তার অভিযোগ, একটি খাদ্যগুদাম থেকেই সংসদ সদস্য তিন কোটি টাকার বেশি নিয়েছেন। কোনো কাজ না করেই কীভাবে কাজের বিল তোলা হয়েছে, তার হিসাবও সময়মতো প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ভাইরাল হওয়া ভিডিওর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, ‘এ বিষয়ে সময়মতো কথা বলব।’

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, ‘রাজনীতিতে থাকলে মানুষ এমন রাজনৈতিক কথা বলবেই। বাংলাদেশ এখন তথ্যপ্রবাহের ক্ষেত্রে স্বাধীন এবং বিএনপি সবকিছু উন্মুক্ত করে দিয়েছে, তাই লুকোচুরির কিছু নেই। যার কাছে অডিও বা বক্তব্য রয়েছে, তিনি প্রমাণসহ জাতির সামনে আসুন। আমি রাজনীতিতে নতুন নই; রাজনীতি করতে গেলে অনেকেই অনেক কথা বলবে। আপনারা স্বাধীনভাবে খোঁজ নিয়ে নিজেদের মতো রিপোর্ট করতে পারেন।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর