মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইউপি নির্বাচন

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ব্যবস্থা নেবে জয়পুরহাট বিএনপি

মো. শামীম কাদির, জয়পুরহাট
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

শেয়ার করুন:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ব্যবস্থা নেবে জয়পুরহাট বিএনপি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে জয়পুরহাটে দলীয় একক প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। এ লক্ষ্যে জেলার ৩২টি ইউনিয়নে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্ধারণে প্রতিটি উপজেলায় একটি করে জরিপ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা বিএনপির নেতৃত্ব।

নির্বাচন সামনে রেখে জয়পুরহাটের ৩২টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। হাটবাজার, গ্রাম ও সড়কের মোড়ে মোড়ে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার ও ব্যানার দেখা যাচ্ছে। চেয়ারম্যান পদে আগ্রহী ব্যক্তিরা নিজেদের প্রার্থিতা জানান দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলোচনার বিষয় হয়ে উঠেছে—বিএনপির সমর্থন কে পাচ্ছেন।

দলীয় সূত্রে জানা যায়, জেলার বেশ কয়েকটি ইউনিয়নে একাধিক নেতা দলীয় সমর্থন প্রত্যাশা করছেন। এ পরিস্থিতিতে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এড়ানো এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে জরিপ কমিটি গঠন করেছে জেলা বিএনপি।

কমিটির সদস্যরা প্রতিটি ইউনিয়নে সরেজমিনে গিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের মতামত নেবেন। এসব মতামত পর্যালোচনা করে একক প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জরিপ কমিটি ও দলীয় শৃঙ্খলার বিষয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, ‘তৃণমূলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের হাতেই আমরা দলীয় সমর্থন তুলে দিতে চাই। সে লক্ষ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় জরিপ কমিটি কাজ করছে। তবে দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে কেউ নয়। কোনো প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তৃণমূলের মতামত ও দলীয় ঐক্যের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ‘জয়পুরহাটের প্রতিটি ইউনিয়নে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাই করতেই শক্তিশালী জরিপ কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আমরা একক প্রার্থী চূড়ান্ত করব। দল সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে জেলা বিএনপি কোনো ছাড় দেবে না।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর