ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে নিজের মালিকানাধীন ‘সৌদিয়া ব্রিকস ফিল্ড’ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জসিম চেয়ারম্যান বলেন, নবম শ্রেণিতে পড়ার সময় থেকে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। পর্যায়ক্রমে সদর উপজেলা ছাত্রদল ও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ‘যত দিন আমার দেহে প্রাণ থাকবে, তত দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ বুকে ধারণ ও লালন করব। আজ থেকে বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শের সব সংগঠনের পদ এবং দল থেকে অব্যাহতি নিলাম।’
তবে দলের সমর্থক হিসেবে থাকার কথা জানিয়ে তিনি বলেন, যত দিন বেঁচে থাকবেন, তত দিন দলের সমর্থক থাকবেন।
দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে জসিম বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পরও যারা বিভিন্ন অপকর্ম করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের ব্যবসা-বাণিজ্যও চলছে। কিছুদিন আগে কোনো কারণ ছাড়াই সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন পাটোয়ারীকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, নিজামের সঙ্গে তার সম্পর্ক থাকার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জসিম আরও বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় ধলিয়া বাজারে ইমাম হোসেন প্রবিরের হাত-পা ভেঙে দেওয়া হয়েছিল। পরে তাকে কোনো কারণ ছাড়াই সোনাগাজী উপজেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের কাছে একাধিকবার গিয়েও কোনো সমাধান পাননি বলে দাবি করেন তিনি।
যুবদলের সাবেক এই নেতা বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে তিনি দলের প্রথম সারির পাঁচজনের একজন ছিলেন। তিনি ১৪ বছর ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের আমলেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অথচ বর্তমানে যারা দলের নেতৃত্বে রয়েছেন, তাদের অনেকেই অতীতে দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলে অভিযোগ করেন তিনি।
জসিম বলেন, ‘আমি দলের প্রাথমিক সদস্যপদসহ যাবতীয় পদ থেকে অব্যাহতি নিলাম।’ বর্তমানে ফেনীতে দলের নেতৃত্বে থাকা ব্যক্তিদের মধ্যে নিজাম হাজারী ও মাসুদ চৌধুরীর অনুসারী রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তাদের বিরুদ্ধে জেলা বিএনপি কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও দাবি করেন।
নিজের ওপর একাধিকবার গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ তুলে জসিম বলেন, এসব ঘটনার পেছনে দলের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। ফেনী জেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বে থাকা বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, এই দুই নেতাই ফেনীর বিএনপির কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।
প্রতিনিধি/এসএস




