ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ খান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাহিদ ওই গ্রামের মো. নাজমুল খানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির আশপাশে অবস্থান করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে নাহিদ। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদরের সন্তানের আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন নাহিদের মা-বাবা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আট বছর বয়সী শিশুটির এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্যা নাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেন।
প্রতিনিধি/এসএস




