নিজের স্ত্রীর সঙ্গে ময়মনসিংহ নগরীর নতুন বাজার কমিটির এক জামায়াত কর্মীর একান্ত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তার রুকন পদ স্থগিত করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ মহানগর জামায়াত।
অভিযুক্তের নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি মহানগর জামায়াতের নতুন বাজার সাংগঠনিক থানা শাখার কর্মী। পাশাপাশি নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদরাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।
রোববার (২ নভেম্বর) সকাল থেকে শহীদুল্লাহ ও তার স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও টেলিগ্রামে ও ভিডিওর স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শহীদুল্লাহ দাবি করেন, ‘ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ভিডিও। কেউ শত্রুতাবশত তার মোবাইল ফোন থেকে এটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনি পদক্ষেপের জন্য থানায় অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, ভিডিওটি শহীদুল্লাহর ব্যক্তিগত বলে তিনি দাবি করেছেন। তবে বিষয়টি নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তার রুকন পদ স্থগিত করা হয়েছে। তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মহানগর জামায়াতের আমির।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক গোলাম রব্বানী জানান, ‘ভিডিওটি ছড়ানোর ক্ষেত্রে সন্দেহভাজন এক ছাত্রের কথা জানিয়েছেন শহীদুল্লাহ। আমরা বিষয়টি তদন্ত করছি।’
প্রতিনিধি/এএইচ



