সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

একই সড়কের দুই উদ্বোধন: সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

একই সড়কের দুই উদ্বোধন: সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপি
সকালে সড়কের উদ্বোধন করছেন জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও বিকেলে করছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। ছবি: ঢাকা মেইল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একই দিনে একটি সীমান্তবর্তী সড়ক দুইবার উদ্বোধনের ঘটনা ঘটেছে। 

সংসদ সদস্য সড়কটির উদ্বোধন রোববার (১ নভেম্বর) সকালে করলেও বিকেলে একই স্থানে গিয়ে ফিতা কেটে আবার উদ্বোধন করেন বিএনপির সাবেক সংসদ সদস্য। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির অধীনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হচ্ছে। ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটির মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল ও নজরদারি সহজ হওয়ার পাশাপাশি পদ্মা নদী তীরবর্তী এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

তবে কাজ প্রায় দুই সপ্তাহ আগে শুরু হলেও ১ নভেম্বর সকালে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। এলজিইডির নামযুক্ত ব্যানার নিয়ে সকালে এই উদ্বোধন করা হয়। 

এরপর একই দিনে বিকেলে কোনো প্রাতিষ্ঠানিক ব্যানার ছাড়াই ফিতা কেটে সড়কটি আবার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। দুটি অনুষ্ঠানেই এলজিইডির কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, আপনি (হারুনুর রশীদ) যদি চান চাঁপাইনবাবগঞ্জে ভালো কাজের উদ্বোধনে আমার সাথে থাকতে, ওয়েলকাম। কিন্তু এলজিইডির কাজ হবে, আর আপনি গিয়ে উদ্বোধন করবেন— এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? জনগণ দেয়নি।

তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আমি নির্বাচিত হয়েছি। আমার কোনো কাজের দিকে তাকানোর বা হস্তক্ষেপ করার অধিকার আপনার নেই। তবে উন্নয়নের স্বার্থে সবাই মিলে কাজ করতে চাইলে দরজা খোলা রয়েছে।

অন্যদিকে, একই সড়ক বারবার উদ্বোধনের বিষয়ে সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, এই রাস্তা-ঘাটের বরাদ্দ আমি নিজে নিয়ে এসেছি, আর তিনি (এমপি বুলবুল) গিয়ে ব্যানার টাঙিয়ে উদ্বোধন বললেই হলো? বরাদ্দ নিয়ে আসার সুবাদে আমি সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে পরিদর্শন বা উদ্বোধন করতেই পারি।

তিনি আরও মন্তব্য করেন, নতুন এমপিকে বলব, নতুন করে টাকা বরাদ্দ নিয়ে এসে কাজ করুন। মানুষের উন্নয়ন হলে সমস্যা নেই, তবে কথাবার্তা ও আচরণে পরিমিতিবোধ থাকা উচিত।

প্রকল্পটির ঠিকাদার মো. সেলিম রেজা জানান, বর্তমান ও সাবেক এমপির উভয় উদ্বোধনী অনুষ্ঠানেই সরকারের প্রতিনিধি হিসেবে তাকে উপস্থিত থাকতে হয়েছে।

সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজহারুল ইসলাম পরিষ্কার করেন যে, এটি এলজিইডির কোনো আনুষ্ঠানিক উদ্বোধন ছিল না। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলে ফলক স্থাপন করা হতো। মূলত বর্তমান ও সাবেক উভয় নেতাই পরিদর্শনের অংশ হিসেবে সেখানে গিয়েছিলেন এবং চলতি বছরের ডিসেম্বরেই এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর