সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে তরুণীকে ধর্ষণের পর হত্যা, যুবকের ফাঁসির আদেশ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে তরুণীকে ধর্ষণের পর হত্যা, যুবকের ফাঁসির আদেশ
পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত। ছবি: ঢাকা মেইল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসেইন মোহাম্মদ ফজলুল বারী ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি ট্রেনযোগে পঞ্চগড়ে আসার পথে দিনাজপুর স্টেশনে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় রিফাতের। পরে বিভিন্ন লোভ দেখিয়ে তাকে আটোয়ারী উপজেলার কিসমত রেলগেট এলাকায় নিয়ে যান তিনি। সেখানে একটি সুপারি বাগানে তরুণীকে ধর্ষণ করেন রিফাত। 

পরে ঘটনা প্রকাশের আশঙ্কায় ইট ও ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ঘটনা আড়াল করতে তরুণীর মরদেহ টেনেহিঁচড়ে রেললাইনের ওপর রেখে পালিয়ে যান আসামি। পরবর্তী সময়ে ট্রেনে কাটা পড়ে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

এরপর ২০২৫ সালের ১৪ জানুয়ারি সকালে আটোয়ারী উপজেলার কিসমত রেলগেট এলাকার একটি স্কুলের পেছনে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় ওই তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ ও রেলওয়ে পুলিশ।

ঘটনার পর তদন্ত চলাকালে একই বছরের ৮ মার্চ সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় ইজিবাইক চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় রিফাতকে আটক করে পুলিশ। পরে তার মোবাইল ফোনে পাওয়া বিভিন্ন ছবি ও ভিডিওর সূত্র ধরে জিজ্ঞাসাবাদে তরুণী হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালের ৮ মার্চ আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আরশাদুল হক মামলা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী খলিলুর রহমান বলেন, মামলার তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ এবং ১৯ জন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছিল। বিচার চলাকালে আসামিপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পেয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর