সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘রাজীব পরিবহন’ বন্ধের দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

‘রাজীব পরিবহন’ বন্ধের দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার
শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ছবি: ঢাকা মেইল

‘রাজীব পরিবহনের’ বাস চলাচল বন্ধের দাবিতে অবরোধের প্রায় তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন ময়মনসিংহ নটরডেম কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দীর্ঘ সময় অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরের দিঘারকান্দা বাইপাস মোড় থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজীব পরিবহনের বাস বেপরোয়াভাবে চলাচলের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তাদের দাবি।

গত ২ অক্টোবর ময়মনসিংহ নগরের পূর্ব গন্দ্রপা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন ছিলেন।

এ ছাড়া গত রোববার সকালে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাসচাপায় নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিউল ইসলাম নিহত হন। এসব ঘটনার পর রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং পুলিশের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করেছেন তারা। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ কোতোয়ালি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জনদুর্ভোগের বিষয়টি বুঝিয়ে শিক্ষার্থীদের বিকেল ৪টার দিকে মহাসড়ক থেকে সরানো হয়েছে। রাজীব পরিবহনের বাস মহাসড়কে চলাচল বন্ধ করা হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর