নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো ওই গ্রামের সিরাজুল হকের আড়াই বছর বয়সী মেয়ে মোছা. শিউলী খাতুন এবং আনারুল ইসলামের দুই বছর বয়সী মেয়ে মোছা. আফিয়া খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।
দ্রুত তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআর




