ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের হাত-পা বেঁধে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশের একটি ধানখেত থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাতের কোনো এক সময় কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন ধানখেতে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত দেলোয়ার হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রের দাবি, দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন বলে কয়েকজন জানিয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাশারুল আলম বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দেলোয়ারের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি দাবি করেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান সোমবার দুপুরে বলেন, দেলোয়ার হোসেন নামে এক যুবককে চোখ উপড়ে ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর পেয়েছেন। তিনি নিজে ঘটনাস্থলে যাচ্ছেন। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।
প্রতিনিধি/এসএস




