সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘আগামী ৫৫ মাস কোনো গ্রুপিং চলবে না, বেয়াদবি সহ্য করা হবে না’

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ এএম

শেয়ার করুন:

‘আগামী ৫৫ মাস কোনো গ্রুপিং চলবে না, বেয়াদবি সহ্য করা হবে না’
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, আগামী ৫৫ মাস কোনো ধরনের গ্রুপিং চলবে না। কোনো প্রকার বেয়াদবি মেনে নেওয়া হবে না। সমালোচনা করতে হলে সহনশীলতার সঙ্গে করতে হবে, তবে বেয়াদবি সহ্য করা হবে না। এমনকি মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দেওয়ার চেষ্টা করলে ‘নালা ভেঙে ফেলব’।

রোববার (১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার প্রায় পাঁচ মিনিটের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সমাবেশে যুবদলের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, গত ১৬ বছর যুবদলের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। ১২ তারিখের নির্বাচনে যুবদলের নেতাকর্মীদের ভূমিকার কারণেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই যুবদলের প্রতি তার দায়বদ্ধতা বেশি। যুবদল জনগণের সঙ্গে তার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান, নুরুল ইসলাম সোহাগ, ডা. মাঈন উদ্দিন বাহার, জাফর সাদিক, জসিম উদ্দিন মজুমদার, আবু ইউসুফ হাসান মানিক ও আহসান উল্লাহসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর