সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

টেকনাফে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৫ এএম

শেয়ার করুন:

টেকনাফে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ৬০০ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নাফ নদীর তীরে গফুর মেম্বারের প্রজেক্ট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ও ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল সীমান্ত পিলার বিআরএম-৫ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক (২৫) ও নুর ফয়সাল (২৫), ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান ওরফে মিজান উদ্দিন (২৪) এবং উখিয়ার থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদ (২৯)।

অভিযান শেষে ঘটনাস্থল তল্লাশি করে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, গ্রেফতার ব্যক্তিরা জব্দ করা বোট ব্যবহার করে অবৈধ মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর