রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাংবাদিক আলিফ হত্যা মামলা: স্বীকারোক্তি দিয়ে কারাগারে ইমন ও সাব্বির

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক আলিফ হত্যা মামলা: স্বীকারোক্তি দিয়ে কারাগারে ইমন ও সাব্বির
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির।

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেফতার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতার দুজন হলেন- দুর্গাপুর পৌরশহরের ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও একই উপজেলার তেরিবাজার এলাকার মো. সাব্বির আহম্মেদ (২৫)। 

রোববার দুপুরে তাদের দুর্গাপুর চৌকি আদালতে হাজির করে পুলিশ। এসময় তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আর রিমান্ডের আবেদন করা হয়নি। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত শনিবার ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ইমন ও সাব্বিরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা আছে।

এ নিয়ে সাংবাদিক আলিফ হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করা হলো। এর আগে ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে এবং ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেফতার করা হয়। আদালত তাদের দুজনকেই পুলিশ রিমান্ডে পাঠিয়েছিলেন। এখন তারা কারাগারে রয়েছেন।

গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলা তেলনজিয়া এলাকায় গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন। ঘটনার পরদিন আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা ওরফে খাদিজা আক্তার দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।

নিহত আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ চালাতেন। ওই পেজে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে লেখালেখি করতেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর