মৌলভীবাজারে হাঁটতে বেরিয়ে নিখোঁজের একদিন পর মনু নদী থেকে সুবাস বেগম (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার কাজিরবাজার এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মতো হাঁটতে বাসা থেকে বের হন সুবাস বেগম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বড়হাট এলাকা সংলগ্ন মনু নদীর পাড়ে তার ব্যবহৃত জুতা ও ওড়না পড়ে থাকতে দেখেন স্বজনরা।
এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি শুরু করেন। পরে সিলেট থেকে ডুবুরি দলের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে রবিবার সকালে মনু নদীর কাজিরবাজার এলাকায় তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।
প্রতিনিধি/ এজে




