যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের যোষপাড়া গ্রামে এক কলেজছাত্রীকে যৌন হয়রানি, শারীরিকভাবে হেনস্তা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১ নভেম্বর) যশোরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কাজল রেখা অভিযোগ করেছেন।
কাজল রেখা বলেন, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ইমন হোসেন তার ওড়না ছিনিয়ে নিয়ে তাঁকে হেনস্তা করেন এবং ধর্ষণ ও গ্রামছাড়া করার হুমকি দেন। এর আগেও কলেজে যাওয়া-আসার পথে তাঁকে উত্ত্যক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
কাজল রেখার অভিযোগ, জমি দখলের বিরোধকে কেন্দ্র করে আলী আহমদ ও মো. আইয়ুব হোসেনের ইন্ধনে এসব ঘটনা ঘটছে। এ বিষয়ে ২৮ অক্টোবর শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে দাবি তাঁর। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি তাঁর পড়াশোনা ও উচ্চশিক্ষার প্রস্তুতিও ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
অভিযোগ অস্বীকার আইয়ুব হোসেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজল রেখার খালু আইয়ুব হোসেন বলেন, এটি তাঁদের পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ। কাজল রেখা তাঁর শালির মেয়ে উল্লেখ করে তিনি বলেন, তাঁকে কোনো ধরনের হয়রানি বা যৌন হয়রানি করা হয়নি।
শার্শা থানার ওসি জানান, বিষয়টি দেখার দায়িত্ব এএসআই মোস্তাককে দেওয়া হয়েছিল। মোস্তাকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, বিরোধটি জমিজমা নিয়ে। ওসির ভাষ্য অনুযায়ী, এএসআই মোস্তাক যৌন হয়রানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন এবং মেয়েটির পরিবারের অভিযোগকে মিথ্যা বলেছেন।
সংবাদ সম্মেলনে কাজল রেখা নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রতিনিধি/এজে




