এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেন তিনি। ছেলের সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন শাহজাহান খান মিয়া।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবি দিয়ে একটি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’
পোস্টটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফটোকার্ড ছড়িয়ে পড়ে। অনেকেই সেগুলো নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এরপর আর নতুন কমিটি গঠন না হওয়ায় ওই কমিটিই এখনো জেলা ছাত্রদলের নেতৃত্বে রয়েছে।
এদিকে, সারাদেশের সঙ্গে চুয়াডাঙ্গাতেও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার মোট ৭ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৪৯৩ জন।
জেলার ২৪টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ১৫৬ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৫৯ জন। এবারও চুয়াডাঙ্গা সরকারি কলেজ জেলায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে। যশোর শিক্ষা বোর্ডে কলেজটি তৃতীয় স্থান অর্জন করেছে বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে।
অন্যদিকে, আলিম পরীক্ষায় জেলার ১১টি মাদ্রাসা থেকে অংশ নেওয়া ৩৯৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন ৩৯৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩০ জন। এই বিভাগে কেউ জিপিএ-৫ পাননি।
প্রতিনিধি/এলএ




