ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলব্রিজ পার হতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে গুরুতর আহত মো. সোহাগ মিয়া (৪০) নামে এক যুবক ঢাকায় মারা গেছেন।
রোববার (১ নভেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী শীলা নদীর উপর নির্মিত রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়া শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ শীলা রেলব্রিজ পার হওয়ার সময় চাকা পিছলে মোটরসাইকেলসহ নদীতে পড়ে গুরুতর আহত হযন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার ভোরে সেখানেই সোহাগ মিয়ার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশী ব্যবসায়ী মামুন মিয়া বলেন, সোহাগের এই অকাল মৃত্যু খুবই দুঃখজনক। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, এই রেলব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুল কলেজ গামী শিক্ষার্থীসহ শত শত পথচারীরা যাতায়াত করেন।
অনেকে মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে পারাপার হন। ট্রেন চলে এলে ব্রিজের উপর থেকে মানুষ নিচে পড়ে আহত হয়। এলাকাবাসী বহু বছর ধরে এই ব্রিজের পাশে বিকল্প ব্রিজ বা সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন।
এএইচ




