কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় কোস্ট গার্ডের একটি জাহাজ সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ডের অভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় বোটে থাকা নয়জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এই মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে




