নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. জিহাদুল মোল্যাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মাইজপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিহাদুল মোল্যা সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত আকরাম মোল্যার ছেলে। তিনি মাইজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার মামলার আসামি জিহাদুল মোল্যাকে গ্রেফতারে শনিবার রাতে মাইজপাড়া বাজারে যৌথ অভিযান চালায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযান শেষে তাকে গ্রেফতার করে সদর থানায় নেওয়া হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, নাশকতার মামলায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিহাদুল মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




