পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে তিনিও উত্তীর্ণ হতে পারেননি। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
কলেজটিতে আটজন শিক্ষক কর্মরত থাকলেও একমাত্র পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।
কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে কলেজে আটজন শিক্ষক রয়েছেন। নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবন না থাকায় টিনশেড ঘরেই চলছে পাঠদান।
অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এর ধারাবাহিকতায় এ বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। রাজু আহমেদ নামের ওই শিক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও কলেজটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থী সংকটের সমাধান হয়নি। আটজন শিক্ষক কর্মরত থাকার পরও একমাত্র পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিনিধি/এসএস




