রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে থানা হাজতে ছিলেন শাহরিয়ার ইয়াদ (২০)। শনিবার সকালে সেখানেই জানতে পারেন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর। বাবার দাবি, ছেলের রাজনীতিতে সক্রিয় সম্পৃক্ততা নেই। তবে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে অন্য চার আসামির সঙ্গে তাকেও থাকতে হয়েছে থানা হাজতে।
ময়মনসিংহের গৌরীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার মইলাকান্দা ও সিধলা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন তারাকান্দা উপজেলার আওয়ামী লীগ কর্মী হুমায়ুন কবীর (২৫), সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মামুন (৪২), মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব (২৮), ছাত্রলীগ কর্মী শাহরিয়ার ইয়াদ (২০) এবং আওয়ামী লীগ কর্মী ফেরদৌস আহম্মেদ শাকিল (৪৩)।
গ্রেফতার পাঁচজনের মধ্যে শাহরিয়ার ইয়াদ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন মনোজের ছেলে
শুক্রবার দিবাগত রাতে উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে শাহরিয়ারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন শনিবার গৌরীপুর থানা হাজতে থাকা অবস্থায় তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর পান।
পরিবারের সদস্যরা জানান, শাহরিয়ার নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
শাহরিয়ারের বাবা বেলায়েত হোসেন মনোজ বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতি করলেও আমার ছেলে রাজনীতিতে সক্রিয় নয়। শুক্রবার রাতে ছেলেকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। পরদিন শনিবার সকালে ছেলের এইচএসসি পাসের খবর আসে। ইয়াদের ছোট চাচা তাকে থানায় দেখতে গিয়ে পাসের খবর জানিয়ে এসেছেন।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মিছিলের পরপরই অভিযান চালিয়ে আওয়ামী লীগ কর্মী হুমায়ুনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। পরে হুমায়ুনের দেওয়া তথ্য ও ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পাঁচজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




