মিয়ানমারের পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট ৪০ নাম্বার গেইট এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১২ টার দিকে গোপন সংবাদে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্ট ৪০ নাম্বার গেইট এলাকা অভিযান চালিয়ে দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তীতে দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। গ্রেফতারদের তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ সারের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। সারা পাচারের সঙ্গে আর কেউ জড়িত জড়িত আছে কিনা এ বিষয়ে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




