শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় পাঁচ কলেজে পাস করেনি কেউ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় পাঁচ কলেজে পাস করেনি কেউ

নেত্রকোনায় এবার এইচএসসি পরীক্ষায় পাঁচটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। শতভাগ ফেল করা পাঁচটি কলেজই নন-এমপিওভুক্ত।

প্রতিষ্ঠানগুলো হলো—কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দা উপজেলার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলা উপজেলার খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।

জেলা শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মধ্যে গোপালপুর মডেল কলেজ থেকে একজন, কলমাকান্দা মহিলা কলেজ থেকে তিনজন, খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা থেকে চারজন, এম্বিশন মডেল কলেজ থেকে ছয়জন এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ১৬ জন পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

এবার নেত্রকোনা জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। জেলায় পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ।

এ বিষয়ে জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা বলেন, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে দ্রুতই আলোচনা করা হবে। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হয়েছে, তা অনুসন্ধান করা হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর